ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি সৌদি জোটের, দায় অস্বীকার হুথিদের

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি সৌদি জোটের, দায় অস্বীকার হুথিদের

আন্তর্জাতিক, আরব

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি সৌদি জোটের, দায় অস্বীকার হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার পেছনে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে একে ‘মিথ্যাচার’ বলে দাবি করেছে হুথিরা। এদিকে সীমান্ত সংঘাতের মধ্যেই ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে বড় ধরনের সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, যেখানে সরকারি বাহিনী হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলার দাবি করেছে।


সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার মদিনার ওই বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়, যে কেন্দ্রটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। হামলায় একটি ট্রান্সফরমার সাময়িকভাবে অচল হলেও সার্বিক বিদ্যুৎ নেটওয়ার্কে কোনো ব্যাঘাত ঘটেনি। বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর জোট দাবি করেছে, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে হুথিরাই জড়িত ছিল।


তবে হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সিতে উদ্ধৃত এক হুথি সামরিক কর্মকর্তা এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি এটিকে একটি ‘মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, মক্কা নগরীতে হুথিদের হামলার যে দাবি সৌদি আরব এর আগে তুলেছিল, তার পক্ষে কোনো প্রমাণ দাঁড় করাতে না পেরে সেই ব্যর্থতা ঢাকতেই এখন এই নতুন অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে জোটের দাবি, মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীকে লক্ষ্যবস্তু বানিয়ে বিশ্বজুড়ে মুসলিমদের ‘উসকানি’ দেয়ার ধারাবাহিক চেষ্টার অংশই হলো এই হামলা; পবিত্র স্থান ও হাজিদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে।

 

এছাড়া বৃহস্পতিবার (০১ অক্টোবর) সৌদির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের আকাশ থেকে চারটি ড্রোন এবং খামিস মুশাইত ও জাজান অঞ্চল থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথাও জানিয়েছে জোট।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন