সারা বাংলা
রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে বালু ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ীর পাংশায় পুলিশ পরিচয়ে আক্তার আলী মন্ডল নামের এক বালু ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ওই ব্যবসায়ীর অন্তত দুটি ঘর পুড়ে গেছে।
ভুক্তভোগীর ছোট ভাই মুক্তার মন্ডল জানান, বৃহস্পতিবার রাতে ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়িতে আসে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আক্তার আলীকে ঘর থেকে বের হতে বলে। কিন্তু তিনি ঘর থেকে বের না হওয়ায় একপর্যায়ে দুর্বৃত্তরা বাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘কয়েকজন ব্যক্তি প্রশাসনের পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে ঘর থেকে বের হতে বলেছিল। তিনি বের না হওয়ায় তারা ঘরে আগুন দিয়ে চলে যায় বলে আমরা জানতে পেরেছি।’
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে