জাতীয়
বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকা চতুর্থ, শীর্ষে পাকিস্তানের লাহোর

প্রতিদিনই নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা। শুক্রবার (২ অক্টোবর) বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে, দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৬২, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই স্কোর নিয়েই মেগাসিটি ঢাকা দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।
একই সময়ে ২৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা, ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে বাহরাইনের মানামা এবং ১৬১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ বা তার বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বায়ুর মান এমন অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের যথাসম্ভব ঘরের ভেতরেই থাকা উচিত। পাশাপাশি অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখা এবং বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
ডিবিসি/এমএনকে