আন্তর্জাতিক, ভারত
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর প্রাঙ্গণে বিক্ষোভের ডাক দিয়েছেন হাজার হাজার আন্দোলনকারী, মানবাধিকার কর্মী, বিরোধী দলের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সদস্যরা। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন পরিচালনা সংস্থার ভূমিকা নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের মধ্যেই এই বিক্ষোভের ঘটনা ঘটল। দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানটি দেশটির অন্যতম বিশ্বস্ত ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
এদিকে রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) আজ নয়াদিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করছে না বলে চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক বার্তায় স্পষ্ট করেছিল। তবে শুক্রবার মুম্বাইয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের একটি সমাবেশ করার কথা রয়েছে এবং আগামী দিনগুলোতে তারা এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে।
আন্দোলনকে কেন্দ্র করে আজ সকাল (২ অক্টোবর) থেকেই মধ্য দিল্লিতে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বেশ কিছু স্থান থেকে বিক্ষোভকারীদের আটক করার খবরও পাওয়া গেছে। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, যন্তর মন্তরে যাওয়ার একাধিক প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়া হয়েছে এবং জারি করা হয়েছে কঠোর প্রশাসনিক নিষেধাজ্ঞা। এই নির্দেশনার আওতায় কোনো প্রকার অনুমতি ছাড়া জনসভা, পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, স্লোগান দেয়া, বিক্ষোভ প্রদর্শন কিংবা বক্তব্য রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
কাকতালীয়ভাবে আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ও দেশটির জাতির জনক হিসেবে পরিচিত মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলন, পদযাত্রা ও অনশনের মাধ্যমে নেতৃত্ব দিয়ে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা অর্জনে যিনি ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তার জন্মদিনের দিনেই রাজধানীতে এমন উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল।
সূত্র: ডয়চে ভেলে
ডিবিসি/ এসভিএন