খেলাধুলা, ফুটবল
মাঠের বাইরেও মেসির সাম্রাজ্য, কিনলেন স্প্যানিশ ক্লাব এলদেন্স

ফুটবল মাঠে সাফল্যের প্রায় সব চূড়াই ছুঁয়েছেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরেও নিজের ফুটবল-সাম্রাজ্য বাড়াচ্ছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেন্সের (CD Eldense) মালিকানা কিনে নিয়েছেন তিনি।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর স্পেনের দুটি ক্লাবের মালিকানায় যুক্ত হলেন মেসি। এর আগে গত এপ্রিল মাসে স্পেনের আরেক ক্লাব ইউই করনেয়ার (UE Cornellà) সংখ্যাগরিষ্ঠ মালিকানাও কিনেছিলেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। গত মাসে এলদেন্সের আগের সংখ্যাগরিষ্ঠ মালিক কলম্বিয়ার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছ থেকে ক্লাবটির সব শেয়ার কেনার জন্য চুক্তি করেন তিনি। সেই চুক্তির ধারাবাহিকতায় এবার মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা এল।
ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এলদেন্স জানিয়েছে, মেসির মালিকানায় ক্লাবটি নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত শত বছরের পুরোনো এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে তাই নতুন মালিককে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উন্মাদনা।
তবে মাঠের পারফরম্যান্সে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই এলদেন্স। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় ১৯তম স্থানে রয়েছে তারা। সাত ম্যাচে চারটি হার নিয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটিকে এখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন মেসি। নতুন মালিকের আগমনে ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষা কোন পথে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: বিবিসি
ডিবিসি/এমএনকে