সারা বাংলা
ফরিদপুরে স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল করলেন মা

ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে নিয়ে এসে নিজে দুধ দিয়ে গোসল করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন জুলেখা বেগম(৪৬) নামে এক নারী।
শুক্রবার(২ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে ৫ কেজি দুধ দিয়ে গোসল করার এই ঘটনা ঘটে।
জুলেখা বেগম চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। মেয়ে জামাই সুমন শেখের(৩২) কাছ থেকে মেয়ে মনিরা খাতুনকে (৩০) ছাড়িয়ে আনার পর চৌরাস্তা বাজারে দুধ দিয়ে গোসল করে তিনি তার ‘ওয়াদা’ রক্ষা করেন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়েছে।
মেয়ে মনিরা খাতুন বলেন, ‘আমার স্বামী নেশা করে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত মারধর করে। যার কারণে তার সাথে সংসার করতে পারলাম না।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমন শেখ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সঠিক নয় এবং মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
ভিডিওর সত্যতা নিশ্চিত করে মনিরা বেগমের মা জুলেখা বেগম জানান, ‘প্রায় ১৪ বছর আগে মেয়েকে সুমন শেখের সাথে বিয়ে দেই। বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করা শুরু করে সুমন শেখ। সে নেশাগ্রস্থ হয়ে আমার মেয়েকে প্রতিদিন মারধর করে। কয়েকদিন আগে আমার মেয়েকে কাবিন রেজিস্ট্রারের কাছ থেকে তালাকপ্রাপ্তর মাধ্যমে ছাড়িয়ে এনে আজ সকালে দুধ দিয়ে গোসল করে আমার ওয়াদা রক্ষা করেছি।’
ডিবিসি/এসডব্লিউএন