বাংলাদেশ, রাজনীতি
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তার কাজে বাধা, গালিগালাজ ও মারধরের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার সকালে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।
মামলার এজাহারে বলা হয়েছে, ১ অক্টোবর মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়ায় বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এ সময় তার সঙ্গে আখতারুজ্জামান অশালীন আচরণ করেন এবং তাকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকেও লাঞ্ছিত করা হয়।
এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।
ডিবিসি/এসএফএল