আন্তর্জাতিক, আরব
তুরস্কে খনি ধসে ৫ শ্রমিকের মৃত্যু

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি খনি ধসের ঘটনায় পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) উদ্ধারকারীরা ধসে আটকে থাকা আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করার পর নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানিসা প্রদেশের সোমা জেলায় বৃহস্পতিবার খনিধসের ঘটনাটি ঘটে। এলাকাটি ইজমির শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
স্থানীয় গভর্নরের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, সোমা জেলায় খনিধসের পর পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। ধসে আটকে থাকা তিন খনিশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সাত শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলেন। উদ্ধারকারী দল প্রথমে ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। আরও দুই শ্রমিককে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর তিন শ্রমিক খনির ভেতরে আটকা ছিলেন।
তুরস্কের বিচারমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন, উদ্ধার অভিযান চালিয়ে দুই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। পরে শুক্রবার ভোরে ওই তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
সোমা তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনার স্থান হিসেবেও পরিচিত। ২০১৪ সালে সেখানে একটি ভূগর্ভস্থ খনিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সে ঘটনায় কার্বন মনোক্সাইডে বিষক্রিয়ায় ৩০১ জন খনিশ্রমিকের মৃত্যু হয়েছিল।
সূত্র: আরব নিউজ
ডিবিসি/এসএফএল