ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

বিমানে বসে চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয় ব্যবসায়ী

বিমানে বসে চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয় ব্যবসায়ী

আন্তর্জাতিক, ভারত

বিমানে বসে চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয় ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বিমানে বসে চ্যাটজিপিটি ব্যবহার করে নতুন ব্যবসার পরিকল্পনা করছিলেন এক ভারতীয় বৃদ্ধ। আর এআই চ্যাটবটকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন ৭৭ বছর বয়সী এই ভারতীয়। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি পোস্ট ভাইরাল হয়েছে।

হায়দরাবাদের বাসিন্দা ভিবিআর প্রসাদ নামের ওই বৃদ্ধ বিমানে বসে ‘ভার্টিক্যাল ফার্মিং’ বা উল্লম্ব কৃষি ব্যবসার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন। এ সময় চ্যাটজিপিটির সঙ্গে তার কথোপকথন নজর কাড়ে পাশের আসনের এক যাত্রীর। ৭৭ বছর বয়সে নতুন ব্যবসার পরিকল্পনা তো বটেই, তবে এআইয়ের সঙ্গে ওই বৃদ্ধের কথা বলার ধরন তাকে সবচেয়ে বেশি অবাক করে।

 

চ্যাটজিপিটিকে পাঠানো বার্তায় প্রসাদ বারবার ‘স্যার’ সম্বোধন করছিলেন। একটি বার্তায় তিনি লেখেন, ‘চমৎকার নির্দেশনার জন্য অনেক ধন্যবাদ স্যার। আমি আবারও আপনার কাছে ফিরে আসব স্যার। আমাকে ফাইল দুটো ডাউনলোড করতে দিন স্যার।’

 

সামাজিক মাধ্যম এক্সে ‘টেকনোসর’ নামের অ্যাকাউন্ট থেকে ওই সহযাত্রী প্রসাদের একটি ছবি ও তাদের কথোপকথনের বিস্তারিত শেয়ার করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয় এবং লাখ লাখ মানুষের নজর কাড়ে। ওই পোস্টে বলা হয়, প্রসাদ তার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। বিমানে ওই দুই যাত্রীর মধ্যে বেশ কথাও হয় এবং একপর্যায়ে তারা বন্ধুতে পরিণত হন।

 

প্রসাদ মূলত ভার্টিক্যাল ফার্মিং প্রকল্প নিয়ে কাজ করছিলেন। এটি হলো নিয়ন্ত্রিত পরিবেশে স্তরে স্তরে বা তাকে ফসল ফলানোর একটি আধুনিক পদ্ধতি। চ্যাটজিপিটির সাহায্যে তিনি মূলত তাঁর এই ব্যবসার পরিকল্পনাটিই আরও নিখুঁত করার চেষ্টা করছিলেন।

 

বয়সের বাধা পেরিয়ে নতুন প্রযুক্তিকে আপন করে নেওয়া এবং একটি চ্যাটবটের প্রতি এমন পুরোনো দিনের ভদ্রতা দেখানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ মজা করে এ-ও বলছেন, ভবিষ্যতে এআই যদি পৃথিবী দখল করে নেয়, তবে এই বিনয়ী আচরণের কারণে তিনি হয়তো বিশেষ ছাড় পেয়ে যাবেন!

 

পরবর্তীতে এক্সে নিজেই এই আলোচনার জবাব দেন প্রসাদ। মানুষের জীবনমান উন্নয়নে এআইকে কাজে লাগানো যেতে পারে উল্লেখ করে, অনুপ্রেরণামূলক সব বার্তার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। বয়সের পার্থক্যের কারণে মানুষের প্রযুক্তি ব্যবহারের ধরনে যে পরিবর্তন এসেছে, এই ঘটনাটি যেন সেই আলোচনাকেও নতুন করে উসকে দিয়েছে। ভিবিআর প্রসাদ প্রমাণ করেছেন, নতুন প্রযুক্তি অন্বেষণ করতে বা নতুন ব্যবসার স্বপ্ন দেখতে বয়স কোনো বাধাই নয়।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন