আন্তর্জাতিক, আরব
বাবার দাফনের রাতে মাশহাদে ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আলি খামেনির দাফনের রাতে মাশহাদে উপস্থিত ছিলেন এবং সে সময় তিনি ‘সম্পূর্ণ সুস্থ’ ছিলেন বলে দাবি করেছেন তার শাশুড়ি তৈয়্যেবা মাহরুজাদেহ।
আখবার মাশহাদে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে মাহরুজাদেহ বলেন, ‘আমি ওই রাতেই তাঁকে দেখেছি। আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো ছিলেন।’
মাহরুজাদেহ গোলাম-আলি হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। গত ২৮ ফেব্রুয়ারি আলি খামেনির বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে চালানো হামলায় জাহরা নিহত হন।
রাষ্ট্রঘনিষ্ঠ গণমাধ্যমগুলো মাহরুজাদেহর বক্তব্যকে মোজতবার সুস্থতার নিশ্চিত প্রমাণ হিসেবে প্রচার করলেও প্রতিবেদনের সঙ্গে তার সাম্প্রতিক কোনো ছবি বা অডিও প্রকাশ করা হয়নি।
মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত আলি খামেনিকে ১০ জুলাই ভোরের আগে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হয়। সরকারি শোক ও দাফন অনুষ্ঠানের প্রকাশিত ফুটেজে মোজতবাকে দেখা যায়নি। তবে তার তিন ভাইকে বাবার কফিনের পাশে দেখা গেছে।
আলি খামেনির মৃত্যুর আট দিন পর, ৮ মার্চ, বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি; তার নামে কেবল লিখিত বিবৃতি ও আদেশ প্রকাশিত হয়েছে।
রয়টার্স এর আগে সূত্রের বরাতে জানিয়েছিল, হামলায় মোজতবার মুখমণ্ডল ও পায়ে গুরুতর আঘাত লাগে। তবে তিনি মানসিকভাবে সচেতন ছিলেন এবং অডিও যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছিলেন।
সূত্র: ইরানওয়্যার
ডিবিসি/এসএফএল