সাহিত্য, তারুণ্য
‘পথের শেষে নয়, পথচলাতেই আমরা’ নিয়ে তরুণদের অনুপ্রেরণার আড্ডা

তরুণদের স্বপ্ন, জীবনসংগ্রাম ও সম্ভাবনার গল্প নিয়ে প্রথমা বুক ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের সঙ্গে বিশেষ আড্ডা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানটি পরিবেশনা করেছে আলবেরো স্টুডিও। সহযোগিতায় ছিল প্রথমা।
শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর ১০০ ফিট মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে অবস্থিত প্রথমা বুক ক্যাফেতে ‘পথের শেষে নয়, পথচলাতেই আমরা’ শিরোনামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আড্ডায় তরুণ প্রজন্মের স্বপ্ন, সম্পর্ক, জীবনের অভিজ্ঞতা, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যতের পথচলা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাহিতুল ইসলাম বলেন, ‘আমরা প্রায়ই একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো বা চূড়ান্ত সফলতার জন্য তাড়াহুড়ো করি। কিন্তু জীবন শুধু গন্তব্য নয়। প্রতিদিনের চেষ্টা, নতুন কিছু শেখা, নিজেকে বদলে নেওয়া এবং হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়ানোর মধ্যেই আসল পথচলা।’
তরুণদের জীবনসংগ্রাম ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পথের প্রতিটি মোড় এবং প্রতিটি ব্যর্থতা একেকটি বড় শিক্ষা। চূড়ান্ত ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজের বর্তমান চেষ্টা ও সংগ্রামকে ভালোবাসতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে সততার সঙ্গে কাজ করে যেতে হবে।’
ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের মডারেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক তানজিলা আমীর তমা বলেন, ‘তরুণদের সৃজনশীল চিন্তাভাবনা ও সাহিত্যপ্রীতিকে এগিয়ে নিতেই আমাদের এই আয়োজন। সাহিত্যপ্রেমী ও তরুণ লেখক-পাঠকদের এমন প্রাণবন্ত আড্ডায় একত্র করতে পেরে আমরা আনন্দিত।’