আন্তর্জাতিক, ভারত
ভারতে ক্যাম্পাসে ‘ভূতের’ আতঙ্ক ছড়িয়ে দিয়ে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ২

পাঞ্জাবের পাতিয়ালায় চিতকারা বিশ্ববিদ্যালয়ে ‘ভূত’ আতঙ্কে গভীর রাতে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ ও ২৬ সেপ্টেম্বরের মধ্যরাতে ওই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে শিক্ষার্থীদের উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন নাঙ্গাল এলাকার বাসিন্দা হিমাংশু এবং আম্বালার বাসিন্দা আরিয়ান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'ভূত' ঘুরে বেড়াচ্ছে- এমন দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই শত শত শিক্ষার্থী আতঙ্কিত হয়ে গভীর রাতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একটি এফআইআর দায়ের করে পুলিশ এবং এ নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়।
পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে বিক্ষোভ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে আদান-প্রদান করা মেসেজ ও সন্দেহভাজনদের অনলাইন কার্যকলাপ নিবিড়ভাবে খতিয়ে দেখা হয়।
তাতে প্রমাণ মেলে, হিমাংশু ও আরিয়ান বিভিন্ন গ্রুপ ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ান। মূলত তাদের এই উসকানিমূলক বার্তার কারণেই ক্যাম্পাসের পরিস্থিতি ওই রাতে চরম আকার ধারণ করেছিল এবং শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
ডিবিসি/এসডব্লিউএন