ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে ট্রেনযাত্রীদের সাপ দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আটক ৬

ভারতে ট্রেনযাত্রীদের সাপ দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আটক ৬

আন্তর্জাতিক, ভারত

ভারতে ট্রেনযাত্রীদের সাপ দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতে চলন্ত ট্রেনে যাত্রীদের সাপ দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করেছে ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। গত ২ অক্টোবর বিহারের জনসেবা এক্সপ্রেস ট্রেনের একটি সাধারণ (জেনারেল) বগিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে দিঘওয়ারা স্টেশনে ওই ছয় জনকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

পূর্ব মধ্য রেলওয়ের (ইসিআর) সোনপুর ডিভিশনের আওতাধীন ১৪৬১৮ নম্বর ‘জনসেবা এক্সপ্রেস’ ট্রেনে এই ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে একটি অভিযোগ আসার পরই নড়েচড়ে বসে আরপিএফ।

 

দিঘওয়ারার সোনপুর ফাঁড়ির সাব-ইন্সপেক্টর শমসের কুমার ও সহকারী সাব-ইন্সপেক্টর বিজয় কুমারের নেতৃত্বে আরপিএফের একটি দল ট্রেনটিতে নজরদারি চালাচ্ছিল। ট্রেনটি ছাপরা স্টেশন ছাড়ার পর সাধারণ বগিগুলোতে তল্লাশি চালানোর সময় ওই ছয় জনকে সাপ হাতে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করতে দেখা যায়।

 

পূর্ব মধ্য রেলওয়ের চিফ পাবলিক রিলেশন অফিসার (সিপিআরও) সরস্বতী চন্দ্র জানান, আরপিএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের সতর্ক করেন এবং ট্রেনের পরবর্তী নির্ধারিত যাত্রাবিরতি দিঘওয়ারা স্টেশনে তাদের নামিয়ে দেন।

 

তবে জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের নাম ও ঠিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। তারা কখনো লক্ষ্ণৌ, আবার কখনো হিমাচল প্রদেশের কথা বলছে। তাদের প্রকৃত পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

 

ইতোমধ্যে বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে এবং প্রযোজ্য আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, ট্রেনে সাপ দেখিয়ে টাকা আদায় করা সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ।

 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন