জাতীয়
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি

রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের চালান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী তিনটি লরি সড়কপথে পাবনার রূপপুরের দিকে যাত্রা শুরু করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে দুপুর ১২টার মধ্যেই ইউরেনিয়ামের এই চালানটি প্রকল্প এলাকায় পৌঁছানোর কথা রয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই জ্বালানি পরিবহনকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী ও রূপপুর এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকল্প সূত্র আরও জানায়, রাশিয়া থেকে যাত্রা করা ইউরেনিয়ামবাহী বিশেষ বিমানটি ভারতের আকাশসীমা হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে চালানটি বুঝে নেন।
এরপর রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর কড়া পাহারায় ইউরেনিয়ামগুলো রূপপুরে পাঠানোর সার্বিক কার্যক্রম শুরু হয়। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে এই ইউরেনিয়াম ব্যবহার করা হবে।
ডিবিসি/এসডব্লিউএন