ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাতক্ষীরায় চায়ের দোকানিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

সাতক্ষীরায় চায়ের দোকানিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

সারা বাংলা

সাতক্ষীরায় চায়ের দোকানিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত কিশোর শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি ফলপ্রত্যাশী ছিলেন।

নিহতের ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন জানান, গত শুক্রবার সন্ধ্যায় প্রাণিসম্পদ অফিস মোড়ে নবঘোষিত যুবদল ও ছাত্রদলের পরিচিতি সভা ছিল। রাত ১০টার দিকে ওই সভা শেষ হয়। সভা শেষে তার মামাতো ভাই মো. জাকারিয়া খান পশু হাসপাতাল গেটে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন। ওই সময় কিছু বখাটে চায়ের দোকানদারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়।

 

একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদারকে রক্ষা করতে ও মারামারি ঠেকাতে এগিয়ে যান। এ সময় বখাটেদের মধ্যে একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

 

পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা জাকারিয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শাহীদুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন