সারা বাংলা
নোয়াখালীতে থানায় ছেলেকে দেখতে গিয়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবাও। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাবা-ছেলে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) সকালে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার দুপুরে বাবা আব্দুল মান্নান (৫৮) ও ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আর তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। ওই ঘটনার জেরে ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ী থানায় যান বাবা আব্দুল মান্নান। এ সময় পুলিশ তাকেও গ্রেপ্তার করে। তবে আসামিদের পরিবারের দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে আগে থানায় কোনো মামলা ছিল না।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/এমএনকে