রাজনীতি
অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

বাংলাদেশ এখন মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছে এবং অন্য কোনো দেশের স্বার্থে ‘দাবার বোর্ড’ হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
নিজেদের শর্তেই বিশ্বমঞ্চে ভূমিকা রাখতে চায় বাংলাদেশ, উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্ব বাড়াতে সরকার প্রস্তুত, তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
উপসাগরীয় যুদ্ধের কারণে উদ্ভূত অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং প্রবাসী বাংলাদেশিদের ওপর প্রভাবের কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জ্বালানি নিরাপত্তায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত সরকারের আমলে অবহেলিত নিজস্ব গ্যাস ও এলএনজি অনুসন্ধানের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এছাড়া, সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি নাগরিককে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা চলছে। রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এক দশকের বেশি সময় ধরে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া অর্থনীতির ওপর বড় বোঝা হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সংবেদনশীল। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকার নিবিড়ভাবে কাজ করছে। উল্লেখ্য, ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিবিসি/এফএইচআর