ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

জাতীয়

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুকূলে এই অর্থ ছাড় করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের ‘দাফন বাবদ অনুদান’ হিসেবে বরাদ্দকৃত ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের এই অর্থ উত্তোলন করবে। এ জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে অর্থের অথোরিটি পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

 

আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ছাড় করা এই অর্থ মুক্তিযোদ্ধার মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের বাইরে অন্য কোনো কাজে বা খাতে ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও প্রচলিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে।

 

এছাড়া, আগামী ৩০ জুন ২০২৭ তারিখের পর বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত বা খরচ না হয়ে থাকলে, তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত এই আদেশ বাস্তবায়নে দেশের সব ডিসি ও ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকে অনুরোধ করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন