আন্তর্জাতিক
হুতির বিরুদ্ধে যুদ্ধে নামছে সৌদি, প্রস্তুত লাখো সেনা

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ক্রমাগত অগ্রগতি ঠেকাতে এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া এই অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনার স্থল হামলার পাশাপাশি সৌদি আরব আকাশপথে সহায়তা দেবে।
বর্তমানে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাণিজ্যে বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব বহুগুণ বেড়েছে, যার নিয়ন্ত্রণ হুতির হাতে থাকায় সৌদি আরব নতুন করে শান্তি আলোচনায় যেতে অস্বীকৃতি জানাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রিয়াদ দুটি বিকল্প নিয়ে ভাবছে, বাব আল-মান্দেব প্রণালি ঘিরে সীমিত পরিসরের অভিযান অথবা আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফ প্রদেশসহ বিভিন্ন ফ্রন্টে একযোগে বৃহত্তর হামলা।
এই সম্ভাব্য সামরিক অভিযানে সৌদি আরবের মিত্র দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ না নিলেও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও গোয়েন্দা সহায়তা দিয়ে পাশে থাকছে। প্রধান মিত্র যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু নির্ধারণসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিমান হামলার সৌদি অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে, পাকিস্তান ও তুরস্ক ইয়েমেনে ব্যবহারের জন্য ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও হালকা কামান পাঠিয়েছে। হুতির পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরবের সীমান্ত ও তেল স্থাপনা রক্ষায় পাকিস্তান দেশটিতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার সেনা মোতায়েন করেছে এবং ফ্রান্সও ইয়ানবু বন্দর পাহারায় সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে দীর্ঘ গৃহযুদ্ধে বিভাজিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীগুলোর (সৌদি ও আমিরাত-সমর্থিত) ওপর ভর করে এই স্থল অভিযান সফল করা রিয়াদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এফএইচআর