আন্তর্জাতিক, অন্যান্য
থাইল্যান্ডের চার অঞ্চলে ভয়াবহ বন্যা, প্রাণহানি বেড়ে ৪০

থাইল্যান্ডের চার অঞ্চলে চলমান বন্যায় প্রায় ২ হাজার ৭০০ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বন্যায় ৪০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চল।
সরকারি মুখপাত্র এক্কাপব পিয়ানপিসেস জানিয়েছেন, মধ্যাঞ্চলে ২ হাজার ২০৮ বর্গকিলোমিটার, পূর্বাঞ্চলে ২৮৪, উত্তর-পূর্বাঞ্চলে ২৩৬ এবং পশ্চিমাঞ্চলের কাঞ্চনাবুরি প্রদেশে আট বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে।
রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকায় পানি সরাতে মোবাইল পাম্প বসানো হয়েছে। ব্যাং কপি জেলার খেহা খলং চান এলাকায় এসব পাম্প ব্যবহারের ফলে পানির উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার কমেছে। বন্যাকবলিত এলাকায় যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত বাস ও যানবাহনও নামানো হয়েছে।
তবে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল পানি পুরোপুরি না নামা পর্যন্ত ব্যাংককে ঘরে থেকে কাজের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ব্যাংককের ১৫টি জেলার ৭৪৮টি কমিউনিটি এখনো পানিবন্দি রয়েছে।
পশ্চিমাঞ্চলে শ্রীনগরিন্দ্র ও ভাজিরালংকর্ন বাঁধ থেকে আবার পানি ছাড়া শুরু হয়েছে। এতে কাঞ্চনাবুরি, রাতচাবুরি ও সামুত সংখ্রাম এলাকায় মে ক্লং নদীর পানির উচ্চতা প্রায় ৮০ সেন্টিমিটার বাড়তে পারে।
পূর্বাঞ্চলের প্রাচিন বুরি প্রদেশেও বন্যা দেখা দিয়েছে। সেখানে বন্যার পানি হাসপাতালেও প্রবেশ করেছে। তিনটি হাসপাতালের কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকলেও জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে। গুরুতর রোগীদের কাছাকাছি হাসপাতালে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র: ব্যাংকক পোস্ট
ডিবিসি/এসএফএল