বিবিধ
পুষ্টিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন: বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রমে গুরুত্বারোপ

বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সরকারের নেতৃত্বে বহুখাতভিত্তিক সমন্বিত পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
১ অক্টোবর ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘বিশ্ব মাইক্রোনিউট্রিয়েন্ট ফোরাম ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকালে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনে ‘সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার: পুষ্টি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিতকরণ’ শীর্ষক প্লেনারি অধিবেশনে বক্তব্য দেন ড. হায়দার।
তিনি বলেন, পুষ্টি পরিস্থিতির উন্নয়নে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব, টেকসই অর্থায়ন এবং বিভিন্ন খাতের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। বিশেষ করে একই ভৌগোলিক এলাকায় বসবাসকারী ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে পর্যাপ্ত পরিসরে সমন্বিত পুষ্টিসেবা পৌঁছে দিতে হবে।
প্লেনারি অধিবেশনটি যৌথভাবে সঞ্চালনা করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নলেজ লিডারশিপ ম্যানেজার মুদুদুজি এমবুয়া এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নিউট্রিশন, ডায়েটস অ্যান্ড হেলথ বিভাগের পরিচালক ডিয়ানা ওলনি।
অধিবেশনে তানজানিয়া, বিশ্বব্যাংক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), গেটস ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব নিউট্রিশনাল সায়েন্সেসের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
ডিবিসি/এসএফএল