সারা বাংলা
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাতে ঘটা এই অগ্নিকাণ্ডে কার্যালয়ের কেঁচি গেট পুড়ে কালো হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ভস্মীভূত হয়েছে। রাতের আঁধারে ঘটা এমন ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ দ্রুত দলীয় কার্যালয় পরিদর্শন করেন।
এ ঘটনার পর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররাই এমন ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু বলেন, ফ্যাসিবাদ সারা দেশব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। গত কয়েক মাসে বিএনপির যে সফলতা, তা নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল