সারা বাংলা
টাঙ্গাইলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
.webp)
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি দোতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাবুল মিয়ার ছেলে। তিনি গত কয়েকদিন ধরে ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
জানা গেছে, শনিবার সকালে নির্মাণাধীন ওই ভবনের দোতলায় রডের কাজ করছিলেন রায়হান। কাজ করার সময় একটি রড ওপরের দিকে ওঠাতে গেলে সেটি রাস্তার পাশে থাকা পল্লীবিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/আরএসএল