ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

নেপালের হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, ১৫ জনের মরদেহ উদ্ধার

নেপালের হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, ১৫ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক, এশিয়া

নেপালের হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, ১৫ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩রা অক্টোবর ২০২৬ ০৬:৩৩:১৮ অপরাহ্ন

নেপালের মধ্যাঞ্চলে হিমালয়ের হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে অন্তত ১৫ জন অভিযানকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আরও আটজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।

গত রবিবার ভোরে ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং পর্বতের বেস ক্যাম্পে তুষারধস আঘাত হানে। চীনের সীমান্তসংলগ্ন ওই এলাকায় নেপালি কর্মীরা পরবর্তী পর্বতারোহণ অভিযানের জন্য তাঁবু স্থাপন ও দড়ি লাগানোর কাজ করছিলেন।


নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মরদেহগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়ার কথা রয়েছে।


এখনো একজন কর্মী নিখোঁজ রয়েছেন। তবে তাকে জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন গুরুং। ফলে উদ্ধার অভিযানও শিগগির শেষ হতে পারে। তুষারধসের সময় বিদেশি পর্বতারোহীরা বেস ক্যাম্পে পৌঁছাননি।


অভিজ্ঞ গাইডসহ ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। চার মিটারের বেশি গভীর তুষারের নিচে চাপা পড়া তাঁবুগুলোতে তারা অনুসন্ধান চালায়।


রবিবার দুই পর্বত গাইডের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুই রান্নাঘরকর্মী এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ পাওয়া যায়।


নেপালে ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন এবং ২০১৫ সালের ভূমিকম্পে ১৮ জন নিহত হয়েছিলেন।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন