সারা বাংলা
গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের দায়ে মো. হোসাইন মিয়া নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পরে ওই গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। শনিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের গেন্দূরাম গ্রামে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গেন্দূরাম গ্রামের খামারি মজনু মিয়ার একটি অসুস্থ বকনা বাছুর জবাই করা হচ্ছে- এমন খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। অসুস্থ পশু জবাইয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর জবাইকারী হোসাইন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক জানান, অসুস্থ পশুর মাংস বিক্রি বা বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব বাড়ায় অসুস্থ পশু জবাই ও এর মাংস বাজারজাত ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী অভিযুক্তকে জরিমানা করার পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষায় পশুর মাংসগুলো বিনষ্ট করা হয়েছে।
ডিবিসি/আরএসএল