সারা বাংলা
শরীয়তপুরে শিশু সোয়াইবকে গলা কেটে হত্যা, বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের ছয় ঘণ্টা পর মো. সোয়াইব নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকায় এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল শিকদার নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত শিশু সোয়াইব ওই এলাকার সেলিম সরদার ও শিমুলী দম্পতির সন্তান। জানা যায়, শনিবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রতিবেশী আবু আলম শিকদারের ঘরের পেছনের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আবু আলম শিকদারের সাথে সোয়াইবের দাদির কথা কাটাকাটি হয়। সেই ক্ষোভ থেকেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করে বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। শরীয়তপুরের গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল শিকদারকে আটক করা হয়েছে। সামান্য বিরোধের জেরে ফুটফুটে একটি শিশু হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন।
ডিবিসি/আরএসএল