আন্তর্জাতিক
বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে ৬ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ

বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে ছয়জন আরোহী নিয়ে গালফস্ট্রিম জি১০০ মডেলের একটি এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ হয়েছে। এই ঘটনার পর ন্যানটাকেটের কাছে সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড।
ল্যাটিচ্যুড এয়ার অ্যাম্বুলেন্স পরিচালিত 'সি-জিআরজেপি' নিবন্ধিত এই বিমানটিতে চারজন ক্রু এবং দুইজন যাত্রী ছিলেন।
ন্যানটাকেট মেমোরিয়াল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তবে ঠিক কী পরিস্থিতিতে এই জরুরি অবস্থা তৈরি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেন্দ্রীয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মার্কিন কোস্টগার্ড ন্যানটাকেটের দক্ষিণে আকাশ ও সমুদ্রে বড় ধরনের এই তল্লাশি চালাচ্ছে। অভিযানে হেলিকপ্টার, ফিক্সড-উইং বিমান, মোটর লাইফবোট এবং কোস্টগার্ড কাটারসহ একাধিক উদ্ধারকারী যান ব্যবহার করা হচ্ছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজ বিমান বা এর ছয় আরোহীর কাউকেই এখনো খুঁজে পাওয়ার কথা জানায়নি কর্তৃপক্ষ।
সূত্র: এভিয়েশন সার্কেল
ডিবিসি/এসডব্লিউএন