বাংলাদেশ, সারা বাংলা
সুন্দরবনে বনরক্ষীদের ফাঁকা গুলিতে গহীন জঙ্গলে পালাল দস্যুরা

সুন্দরবনে মাছ ধরার নৌকায় বনদস্যুদের ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বনবিভাগ। বনরক্ষীদের ছোড়া ফাঁকা গুলির মুখে বনের গহিনে পালিয়ে গেছে দস্যুরা।
রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর ইমরান এ তথ্য নিশ্চিত করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, বনবিভাগের বৈধ পাস-পারমিট নিয়ে একদল জেলে সুন্দরবনে মাছ আহরণ করতে যান। শনিবার রাতে কটকা অভয়ারণ্য সংলগ্ন কাদেরের খাল এলাকায় পৌঁছালে একদল বনদস্যু তাদের নৌকায় হানা দেয় এবং ডাকাতির চেষ্টা চালায়।
পরিস্থিতি বেগতিক দেখে জেলেদের একজন দ্রুত মুঠোফোনে বিষয়টি বনবিভাগকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনরক্ষীদের একটি দল। এ সময় দস্যুদের প্রতিহত করতে এবং ছত্রভঙ্গ করে দিতে বনরক্ষীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে টিকতে না পেরে দস্যুদল দ্রুত বনের গভীরে পালিয়ে যায়।
পরবর্তীতে জেলেসহ নৌকাটিকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে বনবিভাগ। এ ঘটনায় কোনো জেলে হতাহত হননি বলে জানা গেছে।