বাংলাদেশ, সারা বাংলা
বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেয়ার পর ভরণপোষণ না দেয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে

ময়মনসিংহে কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার পর ভরণপোষণ বন্ধ ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন। রোববার ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রহিমা খাতুন জানান, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে তাঁর বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি এবং মেয়ের স্বামী হায়দার জাহান ফারাশ বিভিন্ন কৌশলে তাঁর মালিকানাধীন সাত শতক জমিতে নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন।
তিনি অভিযোগ করে বলেন, সম্পত্তি হস্তান্তরের পর গত পাঁচ-ছয় বছর ধরে তাঁর কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না এবং ভরণপোষণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। উল্টো তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বৃদ্ধা রহিমা খাতুন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রতারণামূলকভাবে করা সম্পত্তির দলিল বাতিল, নিজের নিরাপত্তা এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী প্রাপ্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত মেয়ে ও জামাতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।