জাতীয়
বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের তীব্র যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রধানমন্ত্রী প্রকল্পটির নির্মাণকাজের গতি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে বিদ্যমান পরিকল্পনাটি পুনরায় পর্যালোচনার তাগিদ দিয়েছেন তিনি।
প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে সমাধানের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে কাজ শেষ করার একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
গুরুত্বপূর্ণ এই সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দুই প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।
ডিবিসি/এফএইচআর