রাজনীতি
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, জনগণকে সুরক্ষিত রাখতেই সাইবার সিকিউরিটি আইন: তথ্য প্রতিমন্ত্রী

সাইবার সিকিউরিটি আইনটি গণমাধ্যমকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নয়, বরং সাইবার জগতে গুজব, অপতথ্য ও হয়রানি থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতেই তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সরকার এর ওপর কোনো হস্তক্ষেপ করবে না। গত ১৭ বছর ধরে গণমাধ্যমকে যেভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিয়ন্ত্রণ করে একটি জালের মধ্যে আটকে রাখা হয়েছিল, বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। বরং জনগণের বাকস্বাধীনতাসহ গণমাধ্যমের সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সাইবার আইনের অপপ্রয়োগ নিয়ে সাংবাদিকদের উদ্বেগের জবাবে তিনি জানান, নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদে ভুলবশত সাইবার আইনের ব্যত্যয় ঘটলে, অভিযুক্ত সাংবাদিক বা মাধ্যমকে আইনের আওতায় আনার আগে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাব সাংবাদিক নেতারা দিয়েছেন। সরকার এই প্রস্তাবটি অত্যন্ত ইতিবাচক ও নমনীয়ভাবে বিবেচনা করছে এবং এটি কীভাবে আইনে যুক্ত করা যায় তা নিয়ে কাজ চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষ ও সাংবাদিকদের হেনস্তা বা আত্মহত্যার পর্যায়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা সবার জন্যই জরুরি। এছাড়া, বৈঠকে সাংবাদিক নেতাদের উত্থাপিত দাবিগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে সরকার এসব বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারে।
ডিবিসি/এফএইচআর