বাংলাদেশ, সারা বাংলা
চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দরবেশ সেজে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। v
ভুক্তভোগী হালিমা বেগম (৬০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার ও তাঁর বক্তব্য সূত্রে জানা যায়, সকালে সিএনজিযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন হালিমা বেগম। পথে চালক তাঁকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন এবং একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতে থাকেন। কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই সিএনজিতে ওঠেন। তিনি চালকের করা প্রশ্নগুলোর সূত্র ধরে বৃদ্ধার সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ করে একটি পাঁচ টাকার নোট বৃদ্ধার নাকের কাছে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।
এরপর তাঁর পরনে থাকা প্রায় ৬০ হাজার টাকা বাজারমূল্যের সাড়ে ৪ আনা স্বর্ণালংকার খুলে নেওয়া হয়। পরে মহাসড়কের মস্তাননগর নাহার এগ্রোর সামনে তাঁকে নামিয়ে দিয়ে চালক ও দরবেশ বেশধারী ব্যক্তি দ্রুত সেখান থেকে সটকে পড়েন। জ্ঞান ফেরার পর স্বর্ণালংকার খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি মেয়ের বাড়িতে গিয়ে স্বজনদের বিস্তারিত জানান।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।