ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টেকনাফে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

টেকনাফে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সারা বাংলা

টেকনাফে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মাওলানা আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন এবং একই এলাকার সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ হারুন।

 

গুলিবিদ্ধ হারুনের বাবা সাব্বির আহমদ জানান, আগামী নির্বাচনে সাধারণ ইউপি সদস্য পদে স্থানীয়রা তাঁকে প্রার্থী হতে চাপ দিচ্ছেন। এ কারণে বর্তমান ইউপি সদস্য শামশুল আলম ও তাঁর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রবিবার দুপুরে স্থানীয় মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের সমর্থকরা হারুন ও হেলালের পথরোধ করে তর্কে জড়ায়। সে সময় স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন। পরে তাঁরা সাবরাং বাজারের একটি দোকানে বসে কথা বলার সময় শামশুল আলমের লোকজন অতর্কিত হামলা চালায় এবং চার-পাঁচটি গুলি ছোড়ে। এতে হারুন ও হেলাল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন