বাংলাদেশ, সারা বাংলা
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় এই অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার দুপুরের দিকে ফল, গ্যাস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি ছক অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও মূল্যের কারসাজির অভিযোগে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান এবং একটি মুদি দোকান থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এই বিশেষ তদারকি চালানো হয়েছে। জনস্বার্থে বরিশাল জেলা ও বিভাগে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।