সারা বাংলা
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ের পাতা চুরি, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে সরকারি বালাম বইয়ের আটটি পাতা ছিঁড়ে চুরির অভিযোগে ললিত সরকার (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ললিত সরকারসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গত ২ অক্টোবর কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন কার্যালয়টির রেকর্ড কিপার দীপালী রানী পাল।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি জানাজানি হলে অফিসজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ললিত সরকার কার্যালয়ের নকলনবিশ পপি সাহার বাসায় গিয়ে সরকারি রেজিস্ট্রি বালাম নম্বর-৫৮-এর ৩৯ থেকে ৪৬ নম্বর পৃষ্ঠা দেখিয়ে এর অবিকল নকল কপি করে দেওয়ার অনুরোধ করেন। পাতাগুলোতে কাটাছেঁড়া ও নাম-ঠিকানায় পরিবর্তনের চিহ্ন দেখে সন্দেহ হওয়ায় পপি সাহা তা করতে অস্বীকৃতি জানান এবং ১ অক্টোবর সকালে বিষয়টি রেকর্ড কিপার দীপালী রানী পালকে জানান। এরপর কার্যালয়ে বালাম বইটি পরীক্ষা করে ওই আটটি পৃষ্ঠা নিখোঁজ পাওয়া যায়। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে যেকোনো সময় প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে পাতাগুলো চুরি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, মামলা দায়েরের পর ২ অক্টোবর দুপুরে ললিত সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
এদিকে, এ অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডিবিসি/আরএসএল