বাংলাদেশ, সারা বাংলা
আশুলিয়ায় অবৈধভাবে গ্যাস রিফিল ও বাড়তি দামে বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আশুলিয়ায় বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় ও বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বিকালে (৪ অক্টোবর) আশুলিয়ার কাঠগড়া ও কুটুরিয়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
মো. হাসানুজ্জামান জানান, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ আশুলিয়ায় অভিযান চালানো হয়। এ সময় হাজি আবদুর রহমান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে ক্রয়মূল্য-বিক্রয়মূল্য এবং প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে গড়মিল থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক করা হয়।
এদিকে, ইকবাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে রিফিল করে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা, ক্রয় রসিদ দেখাতে না পারা, মূল্য তালিকা প্রদর্শন না করা- এসব অনিয়মের কারণে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাজ পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।
ডিবিসি/ এসভিএন