ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

রিয়াদে আরামকো তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

রিয়াদে আরামকো তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক, আরব

রিয়াদে আরামকো তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুতি গোষ্ঠী। শনিবারের ওই ঘটনার পর রবিবার (৪ অক্টোবর) ভোরে ইয়েমেনের রাজধানী সানায় নতুন বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বেড়েছে।

হুতিদের দাবি, তাদের হামলায় তেল স্থাপনায় আগুন লেগেছে। নিউইয়র্ক টাইমসের যাচাই করা ভিডিওতেও রিয়াদের একটি আরামকো তেল শোধনাগারে আগুন দেখা গেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি রিয়াদে হামলার দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলেছেন।


হুতিনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, সানায় সর্বশেষ হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি। ইয়েমেনের সরকারপন্থী বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানিয়েছেন, সরকারি বিমান সানা ও সাদায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তায়েজের আশপাশেও হুতিদের অতিরিক্ত সেনাসমাবেশের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।


গত জুলাইয়ে সানার বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ ঘিরে সীমান্তপারের সহিংসতা শুরু হয়। এরপর হুতিরা সৌদি সামরিক ঘাঁটি, বন্দর ও বিমানবন্দরের পাশাপাশি লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলা চালায়।


গত মাসে হুতিরা মোখা বন্দর ও বাব আল-মান্দাব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। এতে গুরুত্বপূর্ণ নৌপথে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কয়েক মাস ধরে ব্যাহত হওয়ায় সৌদি আরব তেল রপ্তানিতে লোহিত সাগরের পথের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়েছে।


তায়েজের আশপাশে তীব্র লড়াইয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত মাসে লড়াই শুরু হওয়ার পর আট শতাধিক মানুষ নিহত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেড় লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন