ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

ভারতের বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক, ভারত

ভারতের বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের বিহারে বন্যাদুর্গত এলাকায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। একই এলাকায় আকাশপথে ত্রাণ বিতরণের সময় আলাদা একটি ঘটনায় এক নারী ও দুই শিশু আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিহারের সারণ জেলার পরশুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বন্যার কারণে সেখানকার হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নদীর বাঁধে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সারণ জেলার ম্যাজিস্ট্রেট (ডিএম) বৈভব শ্রীবাস্তব জানান, নিহত ব্যক্তির নাম অনিল কুমার সিং ওরফে আপ্পু সিং (৫৮), তিনি পরশুরামপুর গ্রামের বাসিন্দা। ডিএম বলেন, ‘ভিকটিমের পরিবারকে শেষকৃত্য এবং অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেয়া হয়েছে।’ তিনি আরও জানান, ঠিক কী পরিস্থিতিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা যাচাই করে দেখা হচ্ছে।


স্থানীয়রা জানান, গণ্ডক নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধে আশ্রয় নেয়া মানুষজন শুকনো খাবারের প্যাকেট সংগ্রহ করতে ত্রাণ শিবিরের কাছে জড়ো হয়েছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরের খাবার শেষ করে অনিল কুমার বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি হেলিকপ্টার বেশ নিচ দিয়ে উড়ে এসে ত্রাণ ফেলতে শুরু করে। প্রায় ৫ কেজি ওজনের একটি প্যাকেট তার মাথায় এবং আরেকটি বুকে পড়ে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।


তবে স্থানীয়রা পুলিশকে এই ঘটনার ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেউ কেউ জোর দিয়ে বলছেন প্যাকেটগুলো সরাসরি সিংয়ের গায়ে লেগেছে; আবার অন্যদের ধারণা, কাছাকাছি ত্রাণ পড়ায় তিনি হার্ট অ্যাটাক করে থাকতে পারেন।’ আমনৌর থানার এসএইচও বিমলেশ কুমার জানান, মৃতদেহের ওপর বাইরের দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।


এদিকে, একই দিন ত্রাণ বিতরণের সময় হেলিকপ্টারের পাখার প্রবল বাতাসে উড়ে আসা ধ্বংসস্তূপের আঘাতে আহত হয়েছেন বিমলা দেবী বা রম্ভা দেবী (৪৫) নামের এক নারী। ত্রাণ শিবিরের বাসিন্দারা জানান, হেলিকপ্টারটি নিচ দিয়ে ওড়ার সময় তারা ছাদে দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় ওই নারীর হাড় ভেঙে গেছে এবং সঙ্গে থাকা দুই শিশু সামান্য আহত হয়েছে। তাদের স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।


গণ্ডক নদীর বাঁধ ভেঙে সারণ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ছয়টি ব্লকের ৩৩টি পঞ্চায়েতের প্রায় ১৭০টি গ্রাম বন্যাকবলিত। এতে প্রায় ৩ লাখ ৩২ হাজার মানুষ এবং ৭৫ হাজারের বেশি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। হাজার হাজার মানুষ এখনও বাঁধে এবং উঁচু স্থানে অবস্থান করছেন। জেলা প্রশাসনের অনুরোধে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আইএএফ হেলিকপ্টার দিয়ে আকাশপথে ত্রাণ বিতরণ জোরদার করা হয়েছে। দুর্ঘটনার সময় পর্যন্ত তিন হাজারেরও বেশি ত্রাণের প্যাকেট ফেলা হয়েছিল। একইসঙ্গে বন্যাদুর্গত এলাকায় এনডিআরএফ এবং এসডিআরএফের একাধিক দল কাজ চালিয়ে যাচ্ছে।


সূত্র: হিন্দুস্তান টাইমস


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন