ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

আন্তর্জাতিক

ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠান কুসুম গ্রুপের একটি ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তা ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় কারখানাটির মূল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন আঘাত হানার পর ওই এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


কুসুম গ্রুপ ১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ রপ্তানিকারক হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্তের পরিচালনায় থাকা এই প্রতিষ্ঠানটি নিজেদের 'ভারতীয় শিকড়যুক্ত ইউক্রেনীয় কোম্পানি' হিসেবে পরিচয় দেয়। ২০০৯ সালে সুমিতে কারখানা স্থাপন করা এই প্রতিষ্ঠানটি মূলত জেনেরিক ওষুধ তৈরি করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীনও কারখানাটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তবে এবারের হামলায় তাদের অন্তত ৪০০ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘মর্মান্তিকভাবে একজনের মৃত্যু হয়েছে। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।’ জেলেনস্কি আরও জানান, রুশ ড্রোনগুলো কিয়েভের পিভনিচনি সেতু এবং দিনিপ্রোর একটি যোগাযোগ কেন্দ্রেও আঘাত হেনেছে। দিনিপ্রোর ওই হামলায় ছয়জন আহত হয়েছেন।


ইউরোপের সমর্থন জানাতে রবিবার অঘোষিত সফরে কিয়েভে পৌঁছান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ। তার সফরের দিনও কিয়েভের আরেকটি প্রধান সেতুতে হামলা চালায় রাশিয়া। জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, লাগাতার এই হামলার কারণে সেখানকার বাসিন্দারা “ভয়াবহ রাত ও দিন” পার করছেন। বেসামরিক নাগরিকদের ওপর এই হামলা বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ফ্রিডরিখ মেরজ।


সাম্প্রতিক সময়ে ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন হামলার পরিমাণ বেশ বেড়েছে। রাশিয়া জানিয়েছে, কিয়েভসহ বিভিন্ন স্থানে সামরিক ও শিল্প স্থাপনাগুলোতে তারা হামলা অব্যাহত রাখবে। সামনে বড় পরিসরে বিমান হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের শহর ছাড়ার সতর্কতা দিয়েছে মস্কো। এসবের মাঝেই ইউক্রেন প্রথমবারের মতো নিজেদের তৈরি ২৫০ কিলোমিটার পাল্লার এফপি-৭ ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন