ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার, রাষ্ট্রদূতকে তলব

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার, রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার, রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

এক নারীকে ডাকাতি ও হত্যার সন্দেহে যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনাকে গ্রেপ্তারের পর দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান।

রবিবার (৪ অক্টোবর) জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাস এ ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় ৩৯ বছর বয়সী আন্না ইয়াগিকে হত্যার অভিযোগ উঠেছে ল্যান্স-কর্পোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ডের বিরুদ্ধে। ওকিনাওয়ায় হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি লিখেছেন, ‘এমন অত্যন্ত নৃশংস ও জঘন্য ঘটনার ঘটা গভীর পরিতাপের বিষয়।’ তিনি আরও বলেন, ‘জাপান সরকার হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং একইসঙ্গে তদন্তে সর্বোচ্চ সহযোগিতার দৃঢ় দাবি জানিয়েছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে রাষ্ট্রদূত গ্লাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘তদন্তে পূর্ণ সহযোগিতা দেয়ার নীতি নিশ্চিত করেছে।’ তবে ২০ বছর বয়সী ওই মেরিন সেনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।


এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নাহা শহরে এক জাপানি নারীর সঙ্গে বিদেশি এক ব্যক্তি একটি হোটেলের কক্ষে প্রবেশ করছেন। পরে ওই ব্যক্তি একা বেরিয়ে আসেন এবং তার হাতে ওই নারীর জিনিসপত্র বলে মনে হওয়া কিছু জিনিস ছিল।


জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মার্কিন সামরিক কর্মীদের জড়িত থাকার এমন ঘটনা ও দুর্ঘটনা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে এবং এমনটা আর কখনও ঘটা উচিত নয়।’


জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সামরিক কর্মী রয়েছেন, যার মধ্যে ১৮ হাজার মেরিন সেনা। এসব সেনার বেশিরভাগই ওকিনাওয়ায় মোতায়েন করা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে যায় এবং ১৯৭২ সালে তা জাপানের কাছে ফেরত দেয়া হয়। স্থানীয় পত্রিকা ইয়োমিউরি শিমবুনের তথ্যমতে, দ্বীপটি হস্তান্তরের পর থেকে জাপানে প্রায় ৬ হাজার মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন