আন্তর্জাতিক, ভারত
তৃণমূল ছাড়ার দুই মাসের মাথায় বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক

তৃণমূল কংগ্রেস ছেড়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগের মাত্র দুই মাসের মাথায় এবার পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে সামনে এলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।
চলতি বছরের শুরুর দিকে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার প্রার্থী মনোনীত হয়েছিলেন জনপ্রিয় এই বাঙালি চিত্রনায়িকা। এরপর গত ৬ এপ্রিল তিনি উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও কোনো অধিবেশনে অংশ না নিয়েই মাত্র কয়েক মাসের মধ্যে পদটি থেকে ইস্তফা দেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় ধাক্কা এবং দলের ভেতর ধারাবাহিক দলত্যাগের মধ্যেই গত ১৬ জুলাই পদত্যাগপত্র জমা দেন তিনি। কোয়েল মল্লিকের পদত্যাগে শূন্য হওয়া এই আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেদিন দুর্গাপূজার মহাষষ্ঠী। এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ সময় ৯ অক্টোবর।
রুক্মিণী মল্লিক নামেও পরিচিত কোয়েল মল্লিক প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিকের কন্যা। টালিউডের প্রথম সারির এই নায়িকা মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন এবং ২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন। বাংলা চলচ্চিত্রের সফল ক্যারিয়ারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি সক্রিয় রাজনীতিতে পা রাখেন এবং রাজ্যসভার সাংসদ হন।
গত জুলাইয়ে দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কোয়েল মল্লিক। সে সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই কোয়েল ইমেইলে দলকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আজ দেখলাম আরেকজন সাংসদ, যিনি একজন সম্মানিত ও গুণী চিত্রশিল্পীও বটে, তিনি এক বিজেপি নেতার সঙ্গে দেখা করে পদত্যাগ করেছেন। একজন শিল্পী হিসেবে আমি তাকে সম্মান করি। সবার অবগতির জন্য জানাচ্ছি, তিনি আগেই ইমেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছিলেন এবং আজ ব্যক্তিগতভাবে তা জমা দেওয়ায় তাকে ধন্যবাদ জানাই।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/ এসভিএন