আন্তর্জাতিক
হামলার ভয়ে ব্রিটিশ বিমানঘাঁটি ছাড়ল এক ডজন মার্কিন বোমারু বিমান

যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রস্তুতির সন্দেহে কয়েকজন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ পর সেখান থেকে নিজেদের বি-১ বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
রবিবার পেন্টাগনের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। মূলত ইরানের ওপর মার্কিন হামলায় এসব বিমান ব্যবহার করা হয়েছিল।
এক ইমেইল বার্তায় পেন্টাগনের একজন মুখপাত্র লিখেছেন, অপারেশনাল নিরাপত্তার কারণে আমাদের সম্পদ ও বাহিনীর চলাচলের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করার সুযোগ ছিল না। তবে আমরা এখন স্বীকার করছি যে, আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন করা সব মার্কিন বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রে তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়েছে।
গত বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছিলেন, ওই ঘাঁটিতে সন্দেহভাজন হামলার ষড়যন্ত্রের সাথে ইরানের জড়িত থাকার বিষয়ে ব্রিটেনের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে। তবে তেহরান এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং এ ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম জানিয়েছিল, ওই স্থাপনায় সন্দেহভাজন সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের কারণে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কার মুখে ঘাঁটি থেকে বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানতে ফেয়ারফোর্ড ঘাঁটিতে থাকা বোমারু বিমানগুলো ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ষড়যন্ত্রের সাথে জড়িতরা বড় ধরনের ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করেছিল। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘটনায় ‘বিদেশি শক্তির হাত’ থাকার দিকে ইঙ্গিত করেছেন।
ডিবিসি/এসডব্লিউএন