ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

১৫০০ মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

১৫০০ মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

আন্তর্জাতিক

১৫০০ মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তীব্র সমালোচনার মুখে থাকা এক অস্বচ্ছ প্রক্রিয়ার আওতায় মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার শরণার্থী ও অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার আঞ্চলিক সরকারের মন্ত্রী নে লিন তুন জানান, গত মঙ্গলবার মালয়েশিয়া থেকে দুটি নৌ যুদ্ধজাহাজ ও অন্য আরেকটি জাহাজে করে রওনা হওয়া ১ হাজার ৪৭৯ জনের এই দলটি রবিবার ভোরে দক্ষিণ ইয়াঙ্গুনে এসে পৌঁছায়।

 

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পর্যায়ক্রমে যে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হবে, এরা সেই দলেরই অংশ। দেশটিতে বর্তমানে আরও ১০ হাজার ৩০০ জনের বেশি মিয়ানমার নাগরিক বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।

 

মালয়েশিয়া বলছে, ফেরত পাঠানো সবাই স্বেচ্ছায় দেশে ফিরতে রাজি হয়েছেন। তবে মানবাধিকার পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের এই শরণার্থীদের সামনে আসলে খুব একটা বিকল্প ছিল না। একইসাথে তারা সতর্ক করেন, দেশে ফেরার পরিস্থিতি এখনও তাদের জন্য মোটেও নিরাপদ নয়। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, দেশে ফেরার সিদ্ধান্তটি সত্যিই স্বাধীন ও তথ্যভিত্তিক ছিল কি না, তা নিশ্চিত করতে তাদের কর্মীদের ওই নাগরিকদের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়নি।

 

মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা। তবে ফেরত পাঠানো এই দলে ঠিক কতজন নিপীড়িত রোহিঙ্গা রয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্বারা শরণার্থী সম্প্রদায়গুলোতে ক্রমবর্ধমান তল্লাশি ও অভিযানের মধ্যেই এই প্রত্যাবাসনের ঘটনা ঘটল। এসব অভিযানের ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি শরণার্থীকে আটক করা হয়েছে। মূলত শরণার্থীদের, বিশেষ করে রোহিঙ্গাদের প্রতি মালয়েশিয়ায় বাড়তে থাকা নেতিবাচক মনোভাবের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত জুলাই মাসে এই প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছিলেন।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন