ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নড়াইলে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নড়াইলে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সারা বাংলা

নড়াইলে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হামলার মূল হোতা ও প্রধান আসামি এসকেন শেখ (৩৫) এবং তার ভাই নয়ন শেখ (২২)। এসআরবি যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার শেষে আসামিদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেনের বিরুদ্ধে একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুটিমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে যান। সে সময় এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং একপর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই এসকেনকে ছিনিয়ে নেয়।

 

হামলাকারীদের লাঠির আঘাতে এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড় জখম হয়। পরে আহত ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পরপরই এসকেন ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

 

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলার ওই ঘটনায় এসকেন শেখকে প্রধান করে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে মামলার প্রধান আসামি এসকেন ও তার ভাই নয়নকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

ওসি আরও জানান, এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হলো। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন