ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

বায়ুদূষণে ঢাকা আজ ২ নম্বরে

বায়ুদূষণে ঢাকা আজ ২ নম্বরে

রাজধানী

বায়ুদূষণে ঢাকা আজ ২ নম্বরে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসা এবং শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানী ঢাকায় আবারও ভয়াবহ বায়ুদূষণ দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। বাতাসের এই মান নাগরিকদের জন্য সামগ্রিকভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আইকিউএয়ারের তাৎক্ষণিক এই সূচকে ২৭০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, যেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ১৭৯ স্কোর নিয়ে ঢাকা দ্বিতীয় এবং ১৭০ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় স্থানে রয়েছে। বায়ুর এই অস্বাস্থ্যকর অবস্থার কারণে নগরবাসীকে ঘরের জানালা বন্ধ রাখার এবং বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

 

সোমবার সকালে ঢাকার নির্দিষ্ট ১০টি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (১৮৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৮৬), গুলশান লেক পার্ক (১৮৬), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৮৩) এবং বারিধারা পার্ক রোড (১৮২)। এছাড়াও মিরপুরের সাগুপ্তা, মাদানী এভিনিউ, দক্ষিণ পল্লবী, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও গুলশান-২ এলাকাতেও দূষণের মাত্রা বেশ উদ্বেগজনক পর্যায়ে ছিল।

 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে তা 'ভালো', ৫১-১০০ 'মাঝারি' এবং ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বিবেচিত হয়। স্কোর ১৫১-২০০ এর মধ্যে থাকলে সামগ্রিকভাবে 'অস্বাস্থ্যকর' এবং ২০১-৩০০ হলে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, যখন শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে পৌঁছালে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বা 'ঝুঁকিপূর্ণ' হিসেবে গণ্য করা হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন