সারা বাংলা
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণে অভিযুক্তকে থানায় নেয়ার পথে ইটের আঘাতে আহত ওসি

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
তবে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকির হোসেন বরিশালের বানারীপাড়া থানার কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদনী হাউজিং এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ও শিশুটির পরিবার একই বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির হোসেন তাকে একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে শত শত নারী-পুরুষ অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত জাকির আত্মরক্ষায় ঘরের ভেতর দরজা বন্ধ করে অবস্থান নেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্তকে থানায় নেওয়ার চেষ্টা করে।
পুলিশ জানায়, জাকিরকে আটক করে থানায় নেওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এ সময় একটি ইটের আঘাতে ওসি মাহাবুব আলমের মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা আহত ওসিকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে, শিশু ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন