বাণিজ্য
দেশের বাজারে ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দামই কমেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম এখন ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে এবার দাম কমানোর ফলে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। আগের নির্ধারিত দাম অনুযায়ীই ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা অপরিবর্তিত থাকছে।
ডিবিসি/এফএইচআর