বাংলাদেশ, সারা বাংলা
মানিকগঞ্জে রাতের আঁধারে কৃষকের ক্ষেতের ৪০ মণ পেঁপে কেটে ফেলল দুর্বৃত্তরা

মানিকগঞ্জের ঘিওরে এক কৃষকের পেঁপেবাগানের প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে কেটে ও ছিঁড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ সময় বীজ সংরক্ষণের জন্য বাগানে রাখা প্রায় ৬ কেজি ওজনের ৫০টি পাকা পেঁপের মধ্যে ৪০টি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৪ অক্টোবর) রাতে ঘিওর উপজেলা সদরের পশু হাসপাতালের পেছনে ধলেশ্বরী নদীর উত্তরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. সাদেক মিয়া জানান, ৩০ শতাংশ জমিতে তার পেঁপের বাগান রয়েছে। সেখানে প্রায় ২৭০টি পেঁপেগাছ ছিল। সোমবার (৫ অক্টোবর) সকালে বাগানে গিয়ে তিনি দেখেন, গাছের পেঁপে কাস্তে দিয়ে কেটে ও হাত দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। বাগানের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে।
তিনি আরও জানান, বীজ সংরক্ষণের জন্য বাগানে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি পাকা পেঁপে রাখা হয়েছিল। এর মধ্যে ৪০টি দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগ তার।
সাদেক মিয়া বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগানটি এক রাতেই তছনছ হয়ে গেছে। এতে তার আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। নতুন করে ঘুরে দাঁড়ানো তার জন্য কঠিন হয়ে পড়বে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
ছেলের বাগান নষ্ট হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন সাদেক মিয়ার মা অজিফা খাতুন। তিনি ঘটনার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা বাগানটি পরিদর্শন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন ডেঙ্গু জ্বরে অসুস্থ থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে মুঠোফোনে তিনি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, বিষয়টি আইনগতভাবে থানার মাধ্যমে নিষ্পত্তির বিষয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য সরকারি বরাদ্দ থেকে চাল, ডাল, আটা ও লবণ কৃষক সাদেক মিয়ার মায়ের হাতে তুলে দেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় বাসিন্দারাও এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডিবিসি/ এসভিএন