বাংলাদেশ, সারা বাংলা
নাটোরে কৃত্রিম সংকট তৈরি করে গ্যাস মজুতের দায়ে ডিলারকে জরিমানা

নাটোরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতের অপরাধে নসিব এন্টারপ্রাইজ নামে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাটোরের বাজারে খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিচ্ছিল। সাধারণ ক্রেতারা গ্যাস কিনতে না পেরে ভোগান্তিতে পড়েন। খুচরা বিক্রেতাদের অভিযোগ ছিল, ডিলার পর্যায় থেকে তারা পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডার পাচ্ছেন না। এই তথ্যের ভিত্তিতে নাটোর জেলা এনএসআই অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয় যে, মাদ্রাসা মোড়ের ‘নসিব এন্টারপ্রাইজ’ পর্যাপ্ত সিলিন্ডার থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে তা অবৈধভাবে মজুত রেখেছিল।
পরে এনএসআই নাটোর কার্যালয়ের প্রত্যক্ষ অংশগ্রহণে ও তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক নাজমুল হোসেন নসিব এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন। অধিক মুনাফার আশায় অবৈধভাবে গ্যাস মজুতের অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা মোতাবেক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আকরাম হোসেন নসিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে গুদামে মজুত রাখা সব গ্যাস সিলিন্ডার সাধারণ খুচরা বিক্রেতাদের কাছে নির্ধারিত ও স্বাভাবিক মূল্যে বিক্রির নির্দেশ দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।
ডিবিসি/ এসভিএন