সারা বাংলা
সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের কোলে থাকা শিশুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করতে গিয়ে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হালিমা খাতুন। অভিযুক্ত বাবার নাম আলীম প্রামাণিক। তিনি ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।
শিশুটির মা ফজিলা খাতুন অভিযোগ করে জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী আলীম তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। সোমবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলীম লাঠি নিয়ে ফজিলা খাতুনকে সজোরে আঘাত করেন। কিন্তু সেই লাঠির আঘাত গিয়ে লাগে ফজিলা খাতুনের কোলে থাকা ছোট্ট শিশু হালিমার গায়ে। এতে শিশুটি মারাত্মকভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা আলীম প্রামাণিক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে